২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে স্কুলের শহীদ মিনার ভাংচুর, ৩ ছাত্র আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি স্কুলের শহীদ মিনার ভাংচুরের অভিযোগ পাওয়ার পর তিন ছাত্রকে আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 12:52 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

মঙ্গলবার রাতে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর করা হয় বলে করিমগঞ্জ থানার ওসি দীপক কুমার মজুমদার জানান।

ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে আটক আনোয়ার হোসেন কচি, রাজু শেখ মুন্না ও ফরহাদ হোসেন ওই স্কুলেরই ছাত্র।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদির সিদ্দিক বলেন, শহীদ মিনার ভাংচুরের বিষয়টি বুধবার থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

প্রধান শিক্ষকের বরাত দিয়ে ওসি দীপক জানান, ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষকের সঙ্গে ছাত্রদের বাগবিতণ্ডা হয়।

“ধারণা করা হচ্ছে ওই ঘটনার জেরেই স্কুলের ছাত্ররা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। তাই তিন ছাত্রকে আটক করা হয়েছে।”

এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানিয়েছেন।