২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মাদ্রাসা ছাত্রী অপহরণ: একজন আটক

ফেনীর সোনাগাজী উপজেলায় পৌনে দুই মাস আগে মাদ্রাসা ছাত্রী অপহরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 10:36 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

আটক মাসুদ আলম প্রকাশ ইউনুছ (২২) অপহরণ মামলার প্রধান আসামি জাফর আলমের (১৮) সহযোগী বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর।

মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কাপ্তাই থেকে মাসুদকে অটক করা হয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনাগাজী পৌর এলাকার খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার এক ছাত্রী গত ৩০ ডিসেম্বর অপহৃত হয় বলে তার মা অভিযোগ করেন।

“ওই দিন ভোরে ওই ছাত্রী টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে আগেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় বলে তার অভিযোগ।”

এ ঘটনায় জাফর আলমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ছাত্রীর মা থানায় মামলা করেন।

অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

অপরদিকে বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক করার অভিযোগে একই থানায় মঙ্গলবার একটি মামলা করেছেন তার বড় ভাই।

থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, ইতিমধ্যেই কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মেডিকেল টেস্টসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাবে পুলিশ।