২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজ আনামকে মানহানির মামলায় ঝালকাঠিতে তলব

পাঁচ কোটি টাকার মানহানির মামলায় ডেইলি স্টার সম্পাদক মাফুজ আনামকে ‘স্ব-শরীরে’ হাজির হতে সমন জারি করেছে ঝালকাঠির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 04:15 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম জায়েদ আহমেদ মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার বাদী বনি আমীন বাকলাই এর আইনজীবী কার্তিক দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক মামলার শুনানি শেষে ডেইলি স্টার সম্পাদক মাফুজ আনামকে আগামী ৩১ মার্চ স্ব-শরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি একটি টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এক প্রশ্নের মুখে বলেন, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থার মধ্যে ২০০৭-৮ সালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সরবরাহ করা ‘খবর’ যাছাই না করে ছাপানো ছিল তার সাংবাদিকতা জীবনের ‘বিরাট ভুল’।

এরপর দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থক ও নেতাকর্মীরা একের পর এক মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা করে চলেছেন।

এর মধ্যে গত ১৬ ফেব্রুয়ারি ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের পাঁচ কোটি টাকার মানহানি হয়েছে’ অভিযোগ করে ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য বনি আমীন বাকলাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝালকাঠির তথ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন বিচারক।

তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে এ সমন জারি করেছেন বলে জানান বাদীর আইনজীবী কার্তিক দত্ত।