কুষ্টিয়ার ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর খবর
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কালু সরকারপাড়ায় এঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তবে বিএসএফের পক্ষ থেকে গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার কথা অস্বীকার করা হয়েছে বলে বিজিবির-৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আজাদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গুলিবিদ্ধ এক বাংলাদেশির লাশ ভারতীয় ভূখণ্ডে পড়ে আছে বলে স্থানীয়দের কাছে খবর পেয়েছি।
“তবে বিএসএফ বাংলাদেশি নিহত হওয়ার কথা অস্বীকার করেছে।দুপুরে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।”
বিজিবির ৪৭ ব্যাটালিয়নের রামকৃঞ্চপুর ক্যাম্পের নায়েক সুবেদার সুবোধ পাল জানান, নিহত মামুন (৩০) উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাঙ্গেরপাড়া গ্রামের গ্রামের মোহর আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার সন্ধ্যায় মামুনসহ ডাঙ্গেরপাড়া গ্রামের ৬/৭ জন বাংলাদেশি যুবক সীমান্তসংলগ্ন ভারতের কালু সরকারপাড়া এলাকায় যায়।
“এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকার পাড়া গ্রামের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মামুনের মৃত্যু হয়।”
মামুনের সঙ্গীরা তার লাশ নিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে আলিম আহত হয় বলে জানান তিনি।
একই গ্রামের কায়েম উদ্দিনের ছেলে আলিম (২৮) বিজিবির হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।
সুবোধ বলেন, “দ্বিতীয়বার গোলাগুলির পর সবাই ভয় পেয়ে মামুনের লাশ ফেলেই পালিয়ে আসে। পরে বিএসএফ নিহত মামুনের লাশ নিয়ে তাদের ক্যাম্পে চলে যায়।”
ঘটনার বিষয়ে জানতে সকালে বিজিবি ৪৭ ব্যাটালিয়ান কর্তৃপক্ষ বিএসএফকে চিঠি পাঠায় বলে জানান তিনি।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে সে এলাকা দিয়ে মাদক পাচার হয়ে থাকে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।”
