একুশের অনুষ্ঠানে যাওয়া হলো না আর
সিরাজগঞ্জের শাহজাদপুরে শহীদ দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে তার সহপাঠী।
বোববার সকালে তলাগাছি কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার ওসি রেজাউল হক।
নিহত জামাদুল ইসলাম (১৩) ব্রজবালা নেধুরপাড়া গ্রামের আনসব আলীর ছেলে এবং তালগাছি এস এ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাইসাইকেলে করে শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে যাচ্ছিল জামাদুল।
“পথে উল্লাপাড়াগামী একটি নছিমন তাদের চাপা দিলে জামাদুল ও তার বন্ধু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামাদুলকে মৃত ঘোষণা করেন।”
জামাদুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নছিমনটি আটক করা হলেও চালাক পালিয়ে গেছে বলে জানান তিনি।
