দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নরসিংদীতে নিহত ২
নরসিংদী সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে দুই বন্ধু নিহত ও এক কিশোরী আহত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় নিহত জায়েদুল (২৫) ও জয় (১৮) চিনিশপুর ইউনিয়নের গাবতলীর বাসিন্দা।
নরসিংদী সদর থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের জজ মিয়ার মেয়ে মিতু বেগম (১৬) চাকরির আশ্বাসে শুক্রবার বিকেলে গাবতলীতে জায়েদুলের বাড়িতে আসেন। রাতে তিনি জায়েদুলের চাচির বাড়িতে ছিলেন।
শনিবার বিকেলে জায়েদুল, তার বন্ধু জয় ও মিতু গাবতলী কবরস্থান সংলগ্ন বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন।
এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে জায়েদুল ঘটনাস্থলেই নিহত এবং জয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে ওসি জানান।
আহত মিতুকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. খালেদ ইবনে মালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বা জড়িতদের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।
জায়েদুলের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
