গন্ধগোকুলটিকে পিটিয়ে মারল গ্রামবাসী
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সালধা গ্রামে একটি গন্ধগোকুলকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী।
শনিবার দুপুরে বাঘ শাবক আকৃতির বিরল প্রাণীটির আঁচড়ে এক শিশু আহত হয়েছে। তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার মামুনুর রশীদ জানান, এক ফুট উচ্চতার ওই গন্ধ গোকুলটি লেজসহ ৪২ ইঞ্চি লম্বা।
বনবিভাগের কর্মকর্তা বলেন, ‘আমাদের পাহাড়ি এলাকার বনে এ ধরনের প্রাণী এখন আর দেখা যায় না। সীমান্ত অতিক্রম করে ওই গন্ধ গোকুলটি এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, দুপুর ১টার দিকে ঝোপের আড়াল থেকে বের হয়ে প্রাণীটি সালধা গ্রামের জাকির হোসেনের বাড়ির কাছে আসে। লোকজন বাঘ বাঘ বলে চিৎকার করলে গ্রামীবাসী প্রাণীটিকে ঘিরে ফেলে।
এ সময় গন্ধ গোকুলটি দারোগ আলীর ১২ বছরের ছেলে সোহেলের বাঁ পায়ে আঁচড় দেয়।
পরে গ্রামের লোকজন লাঠিসোটা দিয়ে পিটিয়ে ওই গন্ধগোকুলকে মেরে ফেলে বলে জানান তিনি।
খবর পেয়ে বনবিভাগের লোকজন, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় গন্ধ গোকুলটিকে উদ্ধার করে।
পরে শনিবার বিকেলে মৃত ওই প্রাণীর মরদেহের ময়না তদন্ত উপজেলা পশু সম্পদ হাসপাতালে সম্পন্ন করার পর সন্ধ্যায় মরদেহ মাটিচাপা দেওয়া হয়।
