দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয় আটক
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে চার ভারতীয়কে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া উদয়নগর সীমান্ত এলাকায় তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, আটকরা সীমান্ত এলাকায় গরু পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, এরা মুলত গরুর রাখাল। ভারত থেকে গরু নিয়ে এসে বাংলাদেশে পাচারের পর ভারতে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়।
“তাদের কাছে চারটি মোবাইল ফোন সেট, ভারতীয় ১০০ রুপি ও বাংলাদেশি ৬০ টাকা পাওয়া যায়।”
আটক ভারতীয়দের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগ এনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
