অপহরণের ৩৯ দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩৯ দিন আগে অপহৃত এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিযোগে এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার ভোরে কুমিল্লা দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল রাজ্জাক।
উদ্ধার হওয়া লিয়ন (২) ফতুল্লার আলীগঞ্জের দিলু মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর নগরীর জানপুর এলাকার পারভীন আক্তার (২৮), তার স্বামী মজনু মিয়া (৩৬), কুমিল্লার দুর্গাপুরের মৃত আক্রাম আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও মৃত আলী আহম্মদের ছেলে জামান (৫৫)।
লিয়নের পরিবারের বরাত দিয়ে আব্দুল রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়নের বাবা দিলু ও মা বিলকিস আলীগঞ্জ এলাকায় পাথর ভাঙ্গার কাজ করেন। প্রতিদিনের মতো গত ১০ জানুয়ারি লিয়নকে সঙ্গে নিয়ে কর্মস্থলে যান তারা।
ওইদিন বিকালে এক প্রতিবেশী পারভীন আক্তার তাদের কর্মস্থলে যান। তিনি লিয়নকে বাসায় পৌঁছে দিবে বলে ডেকে নিয়ে যান। পরে পারভীন ও স্বামী মজনু মিলে লিয়নকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগর এলাকায় নিয়ে যান বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অপহরণের একদিন পর পারভীন ও মজনু মোবাইলে ফোন করে লিয়নের বাবার কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে লিয়নের বাবা থানায় অভিযোগ দিলে লিয়নকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।
“অপহরণকারীদের মোবাইল ট্র্যকিং করে কুমিল্লা থেকে পারভীন ও স্বামী মজনুকে আটক করা হয়।”
তাদের জিজ্ঞাসাবাদের পর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে লিয়নকে উদ্ধার এবং আনোয়ার ও জামানকে গ্রেপ্তার করা হয় বলে জানান পরিদর্শক আব্দুল রাজ্জাক।
লিয়নের বাবা দিলু মিয়া বলেন, “আমাদের ছেলেকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশের চেষ্টায় আমাদের সন্তানকে ফিরে পেয়েছি।”
