২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে দেশ এনার্জির বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড   

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ‘দেশ এনার্জি পাওয়ার প্ল্যান্টে’ আগুন লেগে একটি ট্রান্সফরমার পুড়ে গেছে; ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি ট্রান্সফরমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 01:45 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

পুরনো খবর:

বিতর্কের মধ্যেই ৫ রেন্টালের মেয়াদ বৃদ্ধি

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস ডেমরা জোনের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান।

খবর পেয়ে হাজীগঞ্জের দুটি, ডেমরার দুটি ও মণ্ডলপাড়ার একটি ও ঢাকা হেডকোয়াটার্স থেকে দুটিসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান মাসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডিজেল চালিত ১০০ মেগাওয়াট ক্ষমতার দেশ এনার্জি পাওয়ার প্ল্যান্টের পাঁচটি ট্রান্সফরমারের মধ্যে ৩ নম্বর ট্রান্সফরমারে আগুন লাগে।

“আগুনে একটি ট্রান্সফরমারের পুরোটাই পুড়ে গেছে। আমরা আগে পাশের ট্রান্সফরমারগুলোতে প্রটেকশন দিয়ে আগুন নেভাতে শুরু করি। সম্ভবত প্রচণ্ড গরম হয়ে ট্রান্সফরমারটিতে আগুনের লেগেছে,” বলেন তিনি।  

দেশ এনার্জি লিমিটেডের অপারেশন ইনচার্জ জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচটি (এম ভি এ) ট্রান্সফরমারের মধ্যে ৩ নম্বর ট্রান্সফরমারটি পুরোপুরি এবং ৪ ও ২ নম্বর ট্রান্সফরমার আংশিক পুড়ে গেছে। ট্রান্সফর্মার কেবল, পিসিসহ বিভিন্ন যন্ত্রাংশও পুড়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমাদের ট্রান্সফরমার বন্ধ ছিল। গ্রিড থেকে পাওয়ার নিয়ে তা চালু করতে হয়। গ্রিডে ভোল্টেজ বেশি হওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। এখন প্ল্যান্ট বন্ধ রয়েছে।”

অক্ষত দুটি ট্রান্সফরমার  নিরাপত্তার জন্য বন্ধ রাখা হলেও সেগুলো বিকেলের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করেন দেশ এনার্জির এই কর্মকর্তা।   

আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “একেকটি ট্রান্সফর্মারের মূল্য ছয় কোটি টাকা।”

দেশ এনার্জির ২০১০ সালের ১ নভেম্বর উৎপাদনের আসার কথা থাকলেও প্রতিষ্ঠানটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসা শুরু করে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি। এই দেরির জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছিল পিডিবি।