২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবা জব্দ, মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারে টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 09:40 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বুধবার এ দুই অভিযান চালানো হয় বলে জানান বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

আটক মোহাম্মদ আয়াজ উদ্দিন (২০) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার প্রাংপ্রো এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে।

বিজিবি কর্মকর্তা জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে একটি কাঠের নৌকা মিয়ানমার থেকে নাফ নদীর নাইট্যং পাড়া কিনারায় পৌঁছালে বিজিবির সদস্যরা থামার সংকেত দেয়। এ সময় দুই পাচারকারী নৌকা ফেলে প্যারাবনের ভিতর দিয়ে পালিয়ে যায়।

“পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে একটি বস্তার ভিতরে পলিথিন মোড়ানো ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার ও নৌকাটি জব্দ করা হয়।”

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফ পৌর এলাকার হাসপাতাল খাল পাড় এলাকায় এক ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান জাহিদ।

তিনি জানান, আটক মিয়ানমার নাগরিককে ইয়াবাসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে বৈদেশিক নাগরিক আইন এবং মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মালিক বিহীন ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।