২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল শুল্কভবনে হামলা, র্কাযক্রম বন্ধ

নিলাম নিয়ে বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 09:27 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বুধবার দুপুর ১২টার পর থেকে বন্দরে সব ধরনের মালামাল খালাস বন্ধ রয়েছে বলে জানান বেনাপোল শুল্কভবনের সহকারী রাজস্ব কর্মকর্তা রাকিবুল ইসলাম।  

সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান ও ডেপুটি কমিশনার নিতিশ বিশ্বাসের উপর এ হামলার ঘটনা ঘটে বলে জানান রাকিবুল।

রাকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাস্টমসে নিলাম ডাকা হলেই স্থানীয় বহিরাগত সন্ত্রাসীরা প্রভাব খাটিয়ে তা হাতিয়ে নিতে চায়।এবারও নিলাম শুরুর পর এ বিষয় নিয়ে কথা বলতে দুপুরে ২৫/৩০ জন মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করতে তার অফিসে আসেন।

“সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মোস্তাফিজুর রহমানের উপর হামলা চালায়। এ সময় ডেপুটি কমিশনার নিতীশ চন্দ্র তাদের বাধা দিতে গেলে তাকেও মারধর করে।” 

এ হামলার প্রতিবাদে কাস্টমস ও বন্দরের সব ধরনের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শেনের সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান বলেন,  “নিলামের পণ্য কমমূল্যে হাতিয়ে নেওয়ার জেরে বহিরাগতরা যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের উপর হামলা করেছে।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিানি।

বেনাপোল শুল্কভবনের কমিশনার এএফএম আব্দুল্লাহ খান বলেন, “বহিরাগত এক দল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। ভিডিও ফুটেজে হামলাকারীদের শনাক্ত করে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান বলেন, “বেনাপোল বন্দরে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরের অভ্যন্তরে মালামাল বোঝাই ট্রাক আটকে রয়েছে।”

হামলার ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

এ দিকে হামলার প্রতিবাদে কাস্টমসের কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাস্টমস ও বন্দরের কাজকর্ম বন্ধ করে দিয়ে কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ নিয়ে নজরুল ইসলাম বলেন, “বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হবে।”

কাস্টমস হাউসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি অপুর্ব জানান।