রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার
তিন দিন পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিসকলেজিয়েট শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে এক সভায় বিভাগের একাডেমিক কমিটি ডিসকলেজিয়েট শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিলের সিদ্ধান্তে অটল থাকলে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থী ও বিভিন্ন পক্ষের দাবির বিষয়টি নিয়ে বিভাগের একাডেমিক কমিটির সভায় আলোচনা হয়েছে।
কমিটির অধিকাংশ সদস্য ডিসকলেজিয়েট শিক্ষার্থীদের পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দেওয়ায় তাদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নেই বলে তিনি জানান।
সভাপতি বলেন, সভা শেষে শিক্ষকরা অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
“শিক্ষকরা তাদের বুঝিয়ে অবস্থান থেকে সরে আসতে বললে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।”
আইন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে সন্তোষজনক উপস্থিতি না থাকায় পরীক্ষা দিতে না পেরে বিভাগের সামনে অবস্থান শুরু করে রোববার দুপুরে।
