ভেতরে পরীক্ষা, বাইরে পরীক্ষায় বসার দাবিতে অবস্থান
পরীক্ষায় বসার সুযোগের দাবিতে অর্ধশতাধিক শিক্ষার্থীর অবস্থান ধর্মঘটের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।
আইন বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় নির্ধারিত সময়ে এ পরীক্ষা শুরু হয়।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে পরীক্ষা শুরু করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে।”
ক্লাসে উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় এই বর্ষের ১২৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জনই এবার পরীক্ষা দিতে পারছে না। রোববার দুপুর থেকে তারা বিভাগে অবস্থান ধর্মঘট করে আসছেন।
কর্মসূচিতে থাকা শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা দেওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।
অবস্থানে থাকা শিক্ষার্থীদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগের নতুন সভাপতি কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ক্লাসে ৬০ শতাংশ উপস্থিতির নিয়ম নিয়ে কড়াকড়ি শুরু করেছেন।
নিয়ম অনুযায়ী, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হয়। কোনো কারণে তা কারও পক্ষে সম্ভব না হলে জরিমানা সাপেক্ষে সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রেও কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হয়।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৬০ থেকে কমিয়ে ৫৫ শতাংশ পর্যন্ত যাদের উপস্থিতি ছিল, তাদেরও পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে বলে আইন বিভাগের সভাপতি দাবি করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার মাত্র এক মাস আগে জানানো হয়েছে, ক্লাসের উপস্থিতি বিবেচনা করা হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
আন্দোলনকারীদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, “উপস্থিতির দোহাই দিয়ে শিক্ষার্থীদের একটি বছর নষ্ট করতে দেওয়া হবে না।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন বলেন, “এটা সম্পূর্ণ বিভাগের একাডেমিক বিষয়। ওরা যদি মনে করে উপস্থিতি ছাড়াই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেবে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বিভাগ যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। এখানে কারও কিছু করার নেই।”
