২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে পরীক্ষার দাবিতে শতাধিক শিক্ষার্থী অবস্থানে

ক্লাসে উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় পরীক্ষা দিতে অনুমতি না পেয়ে অবস্থান ধর্মঘট শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক দল শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 12:21 AM

Updated : 11 Oct 2022, 07:47 PM

রোববার দুপুর ১২টায় বিভাগের প্রথম বর্ষের ৫৭ শিক্ষার্থী অবস্থান শুরু করার পর সন্ধ্যায় দ্বিতীয় বর্ষের ৪৫ শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দিয়েছে।

রাতেও কর্মসূচিতে থাকা একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষার সুযোগ না পাওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আগে ১ শতাংশ উপস্থিতি না থাকলেও পরীক্ষার সুযোগ দেওয়া হত। বিভাগের নতুন সভাপতি কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই ক্লাসে ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করেছেন।

আইন বিভাগের বর্তমান সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ সাংবাদিদের বলেন, “আগের সভাপতি কী করেছেন, তা আমি জানি না। আমি নিয়ম মেনেই চলব।”

নিয়ম অনুযায়ী, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীকে কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হয়। কোনো কারণে তা কারও পক্ষে সম্ভব না হলে জরিমানা সাপেক্ষে সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রেও কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে।

তার পরও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৬০ থেকে কমিয়ে ৫৫ শতাংশ পর্যন্ত যাদের উপস্থিতি ছিল, তাদেরও পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে বলে সভাপতি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার মাত্র এক মাস আগে জানানো হয়েছে, ক্লাসের উপস্থিতি গণনা করা হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

আন্দোলনকারীদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, “উপস্থিতির দোহাই দিয়ে শিক্ষার্থীদের একটি বছর নষ্ট করতে দেওয়া হবে না।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন বলেন, “এটা সম্পূর্ণ বিভাগের একাডেমিক বিষয়। ওরা যদি মনে করে উপস্থিতি ছাড়াই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেবে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বিভাগ যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। এখানে কারও কিছু করার নেই।”

সোমবার প্রথম বর্ষ এবং আগামী ১৫ মার্চ দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা।