ফরিদপুরে কবর থেকে কংকাল চুরি
ফরিদপুর সদরের কোমরপুরের কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কংকাল চুরি হয়েছে।
সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন।
চুরি হওয়া কংকালগুলো স্থানীয় তিনুর রহমান, আলমাস মোল্লা, ইসমইল শেখ, জরিনা বেগম ও লাভলু মোল্লার বলে জানান তিনি।
অম্বিকাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মণ্ডল জানান, যে কবরগুলি থেকে কংকালগুলি চুরি হয়েছে সেগুলো দুই থেকে তিন বছরের পুরনো।
কবরগুলোর এক প্রান্তের বাঁশের ছাউনি তুলে কংকালগুলো দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে জানান একই ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য জয়গুন বেগম।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
