২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘অপহৃত’ ২ ছাত্র উদ্ধার, আটক ৬

গাজীপুরে মুক্তিপণের জন্য ‘অপহৃত’ দুই ছাত্রকে উদ্ধারের পর তাদের ছয় সহপাঠীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 04:36 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গালগাছ এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার হওয়া দুই ছাত্র হলেন ময়মনসিংহের গফরগাও থানার পুরাদিয়াটেক এলাকার ইহমাইল খানের ছেলে রিশাত খান (২২) এবং সেলিম খানের ছেলে পারভেজ খান (২৩)।

তারা গাজীপুর শহরের মডেল ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র।

আটকরা হলেন একই ইনস্টিটিউটের ছাত্র শফিকুল ইসলাম মুন্না (২২), মেহেদী হাসান রাজিব (২০), আনম ফয়সাল হোসেন (২১), শাহাদাৎ হোসেন সৈকত (২৫), কাউসার হোসেন (২৩) ও আসাদ (২২)।

গাজীপুর ডিবি পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, মুন্না, রাজিব ও নাইমের সঙ্গে সোমবার দুপুর ২টার দিকে রিশিত ও পারভেজ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে খেলা দেখতে যায়।

“এক পর্যায়ে কৌশলে রিশাত ও পারভেজকে অপহরণকারীরা পার্শ্ববর্তী গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ডেকে নিয়ে মারধর করে।

“সেখান থেকে বাঙ্গালগাছ এলাকায় নিয়ে আবার মারধর করে এবং ফোনে রিশাত ও পারভেজের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

ওসি আমির আরও জানান, পারভেজের স্বজনরা বিষয়টি ডিবি পুলিশকে জানান এবং দুই লাখ টাকা নিয়ে বাঙ্গালগাছ এলাকায় যান।

“টাকা লেনদেনের সময় রাত ১০টার দিকে ডিবি পুলিশ অপরহণকারীদের আটক এবং অপহৃতদের উদ্ধার করে।”

অপহরণকারী দলের অন্য সদস্যদের আটক এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।