২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

পাবনায় যৌতুকের জন্য এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 03:09 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার সকালে সদর উপজেলার হাড়িয়াবাড়ি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।

নিহত শম্পা খাতুন (২৫) ওই এলাকার জাহিদ হোসেনের স্ত্রী । ঘটনার পর থেকে জাহিদ ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।

শম্পার পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ বছর আগে হাড়িয়াবাড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে জাহিদের সঙ্গে একই উপজেলার কোদালিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে শম্পার বিয়ে হয়।

এর পর থেকেই জাহিদ ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য শম্পাকে নির্যাতন করে আসছিলেন। সোমবার রাতে মারধরের পর শম্পাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে তার পরিবারের অভিযোগ।

সকালে খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে শম্পার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় শম্পার বাবা বাদী হয়ে জাহিদসহ তার পরিবারের পাঁচজনকে আসামি করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।