কাকনহাটে বিএনপি-জামায়াতের ‘দুই হাজার জন’ আ. লীগে
রাজশাহীতে বিএনপি-জামায়াতের দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন এক পৌর মেয়র।
সোমবার বিকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে তারা আওয়ামী লীগে যোগ দেন বলে জানান পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুল মজিদ মাস্টার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি-জামায়াত পৌরবাসীকে কিছু দিতে পারেনি।
“পৌরসভার যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের অবদান। এতে উদ্বুদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের দুই হাজার নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগ দিয়েছেন।”
অনুষ্ঠানে মেয়র তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ বাক্যে বলা হয়, “আমি মহান ভাষা আন্দোলন ও স্বাধীনাতা সংগ্রামের শহীদদের নামে শপথ করছি যে, জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় উদ্বুদ্ধ হয়ে আমি আজ বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করলাম।
“আমি আওয়ামী লীগের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি অবিচল থাকব। সুনাগরিক হিসেবে দেশের মানুষের স্বার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে আমার মেধা ও সত্তা নিয়োজিত রাখব। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।”
যোগ দিতে আসা সবাইকে একটি করে রজনীগন্ধা ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
যোগদানকারীদের মধ্যে প্রায় দেড় হাজার নারী বলে মেয়র জানান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, জেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল হক ওসমান, কাকনহাট পৌরসভার কাউন্সিলর গোলাম মোর্ত্তজা, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুন, গোদাগাড়ী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।
