২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহৃত’ ৪ কলেজছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে খাগড়াছড়ি সদরে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সোমবার মোল্লাপাড়া এলাকায় ওই অভিযানে তাদের কাছে আটক চার কলেজছাত্রকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন বেলাল হোসেন, শরিফুল ইসলাম, শাকিল ইসলাম, আতিক উল্ল্যাহ ও নাজমুল ইসলাম।

উদ্ধার কলেজছাত্ররা হলেন নুরুল হুদা, মাহমুদুল হাসান, আরমান হোসেন ও জয়ন্ত দে। এরা সবাই খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র এবং সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে স্লুইস গেইট এলাকা থেকে চার যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি করে এ চক্রটি।

“পরে মোবাইল ফোনে তারা ৫০ হাজার টাকা দাবি করলে ছেলেকে ফিরে পেতে তিন অভিভবাবক বিকাশের মাধ্যমে  ৪৫ হাজার টাকা মুক্তিপণ দেন।”

তাদের মোবাইল ফোনের অবস্থান নির্ণয় করে সকাল ১০টার দিকে মোল্লাপাড়ায় পুলিশ অভিযান চালায় বলে জানান তিনি।

খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি শামছুউদ্দীন ভুইয়া জানান, গ্রেপ্তার পাঁচ অপহরণকারীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে।

দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করার পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ আদেশ দেওয়া হয় বলে জানান তিনি।