কেরানীগঞ্জে দুর্বৃত্তদের এসিডে দগ্ধ কিশোর
ঢাকার কেরানীগঞ্জের এক কিশোর অ্যাসিড আক্রমণের শিকার হয়েছে সাভারে।
রোববার রাতে সাভারের কলিসন্ন্যাসী এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই কিশোরের স্বজনরা জানিয়েছেন।
তবে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বলছে সাভারে এবং সাভার মডেল থানা পুলিশের দাবি কেরানীগঞ্জে এ ঘটনা ঘটেছে।
দগ্ধ মো. শরিফুল ইসলাম সজীব (১৪) কেরানীগঞ্জের কমলারচর গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে এবং স্থানীয় আঁটি বাউল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।
শরিফুলের মা মঞ্জুরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে পড়তে না বসায় শরিফুলকে বকাবকি করলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় সে। রাতে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাকে বাড়ি নিয়ে আসে।
“পরে তাদের সহায়তায় ছেলেকে হাসপাতালে নিয়ে যাই।”
মঞ্জুরা বেগম আরও বলেন, একমাস আগে কলিসন্ন্যাসী এলাকায় একটি মেলায় স্থানীয় কিছু ছেলেদের সঙ্গে শরিফুলের ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। তাই সেখানে তাকে পেয়ে তারা শরিফুলকে অ্যাসিডে ঝলসে দিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. ফেরদৌস হোসেন জানান, শরিফুলের শরীরের পাঁচ শতাংশ ঝলসে গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
কলিসন্ন্যাসিনী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এদিকে সাভার থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি আমার থানার আওতাভুক্ত নয়। এলাকাটি কেরানীগঞ্জ মডেল থানায় পড়েছে।”
তবুও ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, ঢাকা মেডিকেলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
