২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত আরও ২

যশোর সদর উপজেলায় আরও দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 05:44 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সোমবার দুপুরে যশোর-মাগুরা এবং যশোর-বেনাপোল সড়কে দুর্ঘটনাগুলো ঘটে বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান।

নিহতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার বনগ্রাম এলাকার লুৎফর রহমানের ছেলে আরিফ হোসেন (২২) এবং সাতক্ষীরা সদরের জালাল মোহরীর ছেলে মাগফেরাত (২৮)।

আরিফ যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে সকাল ৮টায় যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলায় বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হন।

কোতোয়ালি থানার ওসি ইলিয়াচ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে কলেজের একটি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন আরিফ। পথে যশোর-মাগুরা সড়কের কোদালিয়া মোড়ে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির জানান, যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালি গদখালী এলাকায় একটি  যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় বাসের ছাদে থাকা মাগফেরাত ছিটকে রাস্তায় পড়েন।

পরে স্থানীয়রা তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাগফেরাতকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন নিহত মাগফেরাতের ভগ্নিপতি আব্দুস সালাম (৫০), যশোর সদরের সাড়াপোল গ্রামের রবিউল ইসলাম (৬৫) ও তার ভাই নূর মোহাম্মদ।