স্কুলের পথে বাসের ধাক্কা, দুই ছাত্রী আহত
সাতক্ষীরার দেবহাটায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী দুই স্কুল ছাত্রী আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বহেরা বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
আহত আমিনা খাতুন (১৪) ও সুমাইয়া খাতুনকে (১৪) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমিনা বহেরা উত্তরপাড়ার আরশাদ আলীর এবং সুমাইয়া একই গ্রামের মিঠু সরদারের মেয়ে। তারা বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
দুর্ঘটনার পর দুই ছাত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী বাসে আগুন ধরিয়ে দেয়। এতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে বলে ওসি জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকালে আমিনা ও সুমাইয়া বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে সাতক্ষীরা থেকে কালিগঞ্জগামী একটি বাস তাদের ধাক্কা দিলে তারা গুরতর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয় বলে জানান ওসি।
