২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 11:37 AM

Updated : 25 Jul 2022, 09:20 PM

রোববার রাত দেড়টার দিকে আড়াইহাজার-নরসিংদী সড়কের বাঘা নগর সেতুর পাশে এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান।

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজারের ওসি সাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে বাঘা নগর সেতুর পাশে সাত-আটজন ডাকাতের একটি দল এক মোটরসাইকেল আরোহীকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাপয়সা লুটের চেষ্টা করে।

“এ সময় ওই ব্যক্তির চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। অন্যরা পালাতে পারলেও একজন জনতার হাতে ধরা পড়ে; তাকে বেদম পেটানো হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে সন্দেহভাজন ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ নিয়ে গত তিন মাসে নারায়ণগঞ্জে ১২ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটল।

এর মধ্যে গত শনিবার ভোরে রূপগঞ্জের জিন্দা এলাকায় সন্দেহভাজন তিন ডাকাত গণপিটুনিতে নিহত হন।

গত বছর ১০ ডিসেম্বর এই আড়াইহাজারেই একটি চালের আড়তে ডাকাতি চেষ্টার অভিযোগে আটজনকে পিটিয়ে হত্যা করে জনতা।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৩ ‘ডাকাত’ নিহত
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে ৮ জনকে পিটিয়ে হত্যা