মাটির ঘরের দেয়াল ধসে ফেনীতে মা-ছেলে নিহত
ফেনীর ছাগলনাইয়ায় মাটির ঘরের দেয়াল ধসে মা-ছেলে নিহত হয়েছে।
রোববার সন্ধ্যায় পশ্চিম মধুগ্রামে মা সামিনা আক্তার (২২) ও তার একমাত্র ছেলে অর্ক (৩) মারা যান বলে ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওমান প্রবাসী মাহফুজুর রহমান সম্প্রতি স্ত্রী সামিনার কাছে টাকা পাঠান পুরনো মাটির ঘর ভেঙে পাকা ঘর বানানোর জন্য।
কয়েক দিন আগে মাটির ঘরের টিনের চাল খুলে ফেলা হয়। শুক্রবারের বৃষ্টিতে দেয়াল নরম হয়ে ছিল। রোববার সন্ধ্যায় ঘরের পাশ দিয়ে ছেলেকে নিয়ে চলাফেরার সময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই অর্ক মারা যায়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সামিনাকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
নিহতের পরিবারের অনুরোধে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশ দাফনের অনুমতি দিয়েছে বলেও জানান তিনি।
