নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১৬৫ ঘর ভস্মীভূত
নীলফামারী সদর উপজেলার একটি গ্রামে আগুন লেগে বসতঘরসহ ১৬৫টি ঘর পুড়ে গেছে।
উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
নীলফামারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামূল হক প্রামাণিক বলেন, আগুনে ৫৫টি পরিবারের ১৬৫টি ঘর ও ঘরে থাকা মালামাল ভস্মীভূত হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নাজমুল হক বলেন, গ্রামের মোসলেম উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
