মুন্সীগঞ্জে নৌ-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ডাকা ধর্মঘট তিনদিন পর প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার বিকাল থেকে ধলেশ্বরী, মেঘনা ও শীতলক্ষ্যার তীরে বন্ধ থাকা হাজার হাজার বাল্কহেড ও ছোট-বড় বিভিন্ন ধরনের পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করেছে।
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম বাদশা এ তথ্য নিশ্চিত করেন।
গত মঙ্গলবার মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকায় সন্ত্রাসী রুহুল আমিনের নেতৃত্বে করিম, সুরুজ, ইয়ামিনসহ কয়েকজন মিলে চাঁদার দাবিতে বাল্কহেড শ্রমিকদের মারধর করে।
এরপর ধর্মঘটের ডাক দেয় নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।
তাইজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আমাদের সাত দফা দাবি পূরণ এবং নৌ-পথে নিরাপত্তা জোরদার করা হবে বলে তারা আমাদের আশ্বাস দিয়েছেন।”
দাবি পূরণ না হলে আবার ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. ইউনুছ আলী বলেন, বালু মহলে ইজারাদারেরা নদীপথে টোকেন কাটতে পারবেন না এবং নৌ-নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
নৌপথে পুলিশি টহল অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
