চাঁদাবাজি বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে নৌ শ্রমিকদের ধর্মঘট
মুন্সীগঞ্জের গজারিয়ার চাঁদার দাবিতে বাল্কহেড শ্রমিকদের মারধরের প্রতিবাদে ধর্মঘট শুরু করেছে নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।
বুধবার থেকে শ্রমিকরা কোনো কাজ করছে না বলে জানান বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাইজুল ইসলাম বাদশা।
ধর্মঘটের কারণে মেঘনায় প্রায় ১৫ হাজার বাল্কহেড চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
কর্মচারী ইউনিয়নের এ নেতা বলেন, মঙ্গলবার বিকালে মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকার সন্ত্রাসী রুহুল আমিনের নেতৃত্বে করিম, সুরুজ, ইয়ামিনসহ কয়েকজন বাল্কহেড শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে ।চাঁদা না পেয়ে তারা ছয় শ্রমিককে মারধর করে।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
তাইজুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আমরা এই ধর্মঘট ডেকেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত।
এ বিষয়ে জানতে চাইলে মুক্তারপুর নৌ-ফাড়ির ইনর্চাজ মো.ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা চলছে। দ্রুতই এর সমাধান হবে।
নৌ-পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
