কালকিনিতে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির শিশু
মাদারীপুরের কালকিনি উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
আলীপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
শুক্রবার অসুস্থ শিশুটিকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুর মা জানান, ধর্ষণের পর কাউকে বললে তার মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এই ভয়ে প্রথমে সে কিছু বলতে না চাইলেও পরে অসুস্থ হয়ে পড়ায় ঘটনা তাদের জানায়।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খন্দকার মাইনুল হাসান বলেন, “প্রাথমিকভাবে আমরা মেয়েটিকে ধর্ষণের আলামত পেয়েছি। প্রচুর রক্তপাত হওয়ার কারণে বিকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা বলেন, “আমরা খবর পেয়েই ইউনুস সরদারকে ধরতে এলাকায় সাদা পোশাকের পুলিশ পাঠিয়েছি।”
