২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে মা ও ২ ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় চুলার গ্যাসের আগুনে মা ও দুই ছেলে দগ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2016, 04:48 PM

Updated : 11 Oct 2022, 07:46 PM

শুক্রবার ভোরে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা থানার ওসি মো. আসাদুজ্জামান।  

আহতরা হলেন বাড়ির গৃহকর্তা শুক্কুর মিয়ার স্ত্রী আফিনুর বেগম (৪০), তাদের দুই ছেলে শাকিল (১২) ও শামিম (৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।  

দুর্ঘটনায় ওই বাড়ির বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে বেশকিছু মালামাল পুড়ে গেছে বলে জানান ওসি।  

ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে  শুক্কুর মিয়ার স্ত্রী আফিনুর বেগম চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে আফিনুর এবং তার দুই ছেলে শাকিল ও শামিম দগ্ধ হয়।

“তাদের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।”

স্থানীয়রা তাদের উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

ওসি আরও বলেন, বিস্ফোরণের সময় ঘরের দরজা ও জানালা ভেঙে গেছে এবং ঘরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

“আফিনুর বেগম রাতে চুলা বন্ধ না ঘুমাতে যান। জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।