কক্সবাজারে অর্ধশত কোটি টাকার মাদক ধ্বংস
কক্সবাজারের টেকনাফে বিভিন্ন অভিযানে উদ্ধার প্রায় অর্ধশত কোটি টাকার মাদক ধংস করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয় বলে জানান বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
তিনি বলেন, ২০১৫ সালের ২৬ অগাস্ট থেকে চলতি বছর ৩১ জানুয়ারি পর্যন্ত চালানো বিভিন্ন অভিযানে বিজিবি সদস্যরা এসব মাদকদ্রব্য উদ্ধার করে। মালিকবিহীন উদ্ধার এসব মাদকদ্রব্য প্রশাসনের কর্তাব্যক্তি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৬ লাখ ১০ হাজার ৭৫৭ ইয়াবা, ১৮ হাজার ৫৫ ক্যান বিয়ার, ৫ হাজার ৭৪৫ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৩০ লিটার চোলাই মদ, ৭৬ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৩২ কেজি গাঁজা।
যার আনুমানিক মূল্য ৪৯ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকা বলে জানান তিনি।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবালসহ অনেকে।
