শেরপুরে শিশু রাহাত অপহরণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
শেরপুরে বহুল আলোচিত শিশু রাহাত অপহরণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
প্রথম দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান।
রাষ্ট্রপক্ষের পিপি গোলাম কিবরিয়া বুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দিন মামলার বাদী নিহত রাহাতের বাবা শহিদুল ইসলাম খোকন, মা রিনা বেগম ও চাচা রেজাউল করিমসহ চারজন সাক্ষী দেন।
সাক্ষী দেওয়ার সময় মা রিনা ও বাবা শহিদুল কান্নায় ভেঙে পড়েন।
অপরদিকে জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আসামি আব্দুল লতিফ, রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
পিপি জানান, বুধ ও বৃহস্পতিবার আরও ১১ জনের সাক্ষ্য নেওয়া হবে।
অল্প সময়ে মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করে ফেব্রুয়ারির মধ্যেই বিচার সম্পন্ন হবে বলে পিপি ধারণা করছেন।
গত বছর ২ অগাস্ট দুপুরে শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফ ও তার তিন বন্ধু অপহরণ করে মুক্তিপণ দাবি করে।
অপহরণের ৬ দিন পর নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক পাহাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় খালু লতিফসহ অপর তিন আসামি রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২৯ নভেম্বর লতিফসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠায়। ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে ট্র্রাইব্যুনাল।
