২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

খুলনায় এক ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 06:15 PM

Updated : 12 Apr 2022, 01:23 AM

একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান।

এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ডুমুরিয়া উপজেলার লোহাডাঙ্গা গ্রামের যতীন্দ্র নাথ বিশ্বাসের ছেলে নিউটন বিশ্বাস (৩২) ও একই উপজেলার কমলপুর গ্রামের আকুব আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির গাজী (৩৮)।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে পিপি এনামুল হক বলেন, ২০০৯ সালের ২৭ নভেম্বর ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের বাসিন্দা আশরাফ আলী (৪২) বিকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হন।তিনদিন পর সালতা নদী থেকে তার তিন টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আশরাফ আলীর ছোট ভাই আনোয়ার হোসেন মোড়ল বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় নিউটন ও মনিরকে আসামি না করা হলেও সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন আশরাফ। তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয় বলে জানান পিপি।