সৈয়দ নজরুল স্থাপিত ফলক অপসারণ, র্যাব কর্মকর্তা প্রত্যাহার
মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্থাপিত ভিত্তিপ্রস্তর অপসারণের ঘটনায় কিশোরগঞ্জে এক র্যাব কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মো. রিয়াদুল ইসলামকে প্রত্যাহার করে ব্যাটালিয়ন সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি রাজীব কুমার দেব এ তথ্য জানান।
এএসপি রাজীব কুমার দেব বলেন, অনুমতি ছাড়াই সৈয়দ নজরুল ইসলাম স্থাপিত ভিত্তিপ্রস্তরের ফলক অপসারণ এবং সেই স্থানে নিজের নামে একটি ফলক স্থাপনের অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেছে।
১৯৭৫ সালের ৫ মার্চ বাংলাদেশের তৎকালীন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জের যশোদলে টেক্সটাইল মিলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক দশকেরও বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়া ওই মিল এলাকায় বর্তমানে র্যাব-১৪ এর ক্যাম্প করা হয়েছে।
এএসপি রাজীব বলেন, গত ৫ ফেব্রুয়ারি ওই ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম সৈয়দ নজরুল ইসলামের স্থাপন করা ভিত্তিপ্রস্তর ফলকটি ভেঙে ফেলে নিজের নামে উন্নয়ন কাজের একটি ফলক স্থাপন করেন।
সোমবার ভিত্তিপ্রস্তর ফলক ভেঙে ফেলার ঘটনা জানাজানি হলে স্থানীয়রা র্যাব ক্যাম্পে গিয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক ঘটনাস্থলে গিলে পুনরায় ভিত্তিপ্রস্তরটি স্থাপনের নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়।
