টঙ্গীতে ৪০ লাখ টাকা ‘ছিনতাই’
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার বেতনের প্রায় সাড়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান।
এ ঘটনায় কারখানার দুই কর্মকর্তাসহ তিন জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাজীপুরের সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকার ‘ওয়াল্ট ফ্যাশন লিমিটেড’ নামের একটি স্যুয়েটার কারখানার কর্মকর্তারা শ্রমিক ও স্টাফদের বেতনের ৪০ লাখ ৩৮ হাজার টাকা উত্তরা শাখার ‘আইএফআইসি ব্যাংক’ থেকে তুলে মাইক্রোবাসে করে কারখানায় ফিরছিলেন।
“পথে ট্রাফিক পুলিশের বেশে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন লোক মাইক্রোবাসের গতিরোধ করে গাড়িতে থাকা টাকার ব্যাগ নিয়ে গেছে এবং ছিনতাইকারীদের হামলায় গাড়ির চালক শহীদুল হক, কারখানার হিসাবরক্ষক পারভেজ ও আজাদ আহত হয়েছেন বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।”
পরিদর্শক আমিনুল বলেন, “শিল্প কারখানার কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকার অধিক বহন করার সময় পুলিশকে জানানোর কথা বলা হয়েছে। কিন্ত কারখানা কর্তৃপক্ষ জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
