ফেনীতে রিভলভারসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার
ফেনীতে ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের পর একটি বিদেশি রিভলভার ও গুলিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, বুধবার গভীর রাতে ফেনী শহরের বারাহিপুর এলাকার কাজী আমির হোসেনের বাড়ি থেকে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কাজী আমির হোসেনের ছেলে মো. মোবারক হোসেন সোহাগ (২৩) ও গোডাউন কোয়ার্টার এলাকার মৃধাবাড়ির আব্দুল কাদেরের ছেলে মো. আব্দুল্লাহ রিয়াদ (২৪)।
র্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা বারাহিপুর এলাকার কাজী আমির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
“এরা গত ১ ফেব্রুয়ারি ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত।”
র্যাব তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর পুলিশে হস্তান্তর এবং ছিনতাইয়ের টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
