নকলে সহায়তা করায় শিক্ষককে ১৫ দিনের জেল
নওগাঁর সিনিয়র ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় নকলে সহায়তা করায় এক শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নওগাঁর নামাজগড় মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলামকে (৩৫) এই শাস্তি দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাদিস বিষয়ে পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের ২০২ ও ২০৩ নম্বর কক্ষে প্রশ্নের উত্তর ফটোকপি করে পরীক্ষার্থীদের সরবরাহ করেন শিক্ষক শহিদুল।
“ঘটনাটি হাতেনাতে ধরা পড়লে কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুস ছাত্তার আট শিক্ষার্থীকে বহিষ্কার করেন এবং শিক্ষক শহিদুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।”
শহিদুলকে বিকেলেই জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
