২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআইকে চাঁদাবাজির অভিযোগে প্রত্যাহার

ইয়াবা বিক্রেতা সাজিয়ে আটক করার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে বরিশাল মহানগর পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 12:38 AM

Updated : 20 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার রাতে প্রত্যাহার হওয়া এসআই রেহান উদ্দিন বিমান বন্দর থানায় কর্মরত ছিলেন।

মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই এসআইয়ের বিরুদ্ধে সোমবার রাতে দুই ব্যক্তিকে জিম্মি করে ১১ হাজার টাকা ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

“নগরীর জিয়া সড়ক এলাকার মো. মোকসেদ নামের এক ব্যক্তি অভিযোগ করেন বলে কমিশনার জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”

ঘটনা তদন্তের জন্য বিমান বন্দর থানার সহকারী কমিশনার আজাদ রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান কমিশনার।

ভুক্তভোগী মো. মোকসেদ অভিযোগ করেন, “সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভগ্নিপতির পাঠানো ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করে বন্ধু মো. সালাউদ্দিনকে নিয়ে নথুল্লাবাদ এলাকায় খাবার খেতে যাই।

“খাওয়ার পর হোটেল থেকে বের হবার সময় পিছন থেকে এসআই রেহান আমার পরনে থাকা জ্যাকেটের কলার টেনে ধরেন। এরপর নাম-ঠিকানা জিজ্ঞেস করার এক পর্যায়ে তিনি তার জ্যাকেটের টুপির ভিতর থেকে একটি পলিথিনের প্যাকেট বের করে বলেন, ‘৫০ হাজার টাকা না দিলে ইয়াবা বিক্রেতা সাজিয়ে আটক করে সাংবাদিক খরব দেওয়া হবে’।”

এ সময় এসআই তার মোবাইল ফোনে দুইজনের ছবি ধারণ করেন এবং ১১ হাজার টাকা দেওয়ার পর তিনি তাদের ছেড়ে দেন বলে মোকসেদের অভিযোগ।