২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসার শুরুতেই মেঘনায় বাল্গহেড ডুবে বাবা নিহত, ২ ছেলে নিখোঁজ

নতুন ব্যবসা শুরু করতে গিয়ে মুন্সীগঞ্জের চর আব্দুল্লাহর কাছে মেঘনা নদীতে বাল্গহেড ডুবে বাবা নিহত ও দুই ছেলে নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 11:47 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

মারা গেছেন মতিউর রহমান (৭০) আর মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন তার ছেলে ব্যবসায়ী মো. মাসুম (৩৩) ও রাজধানীর পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল কলেজের শিক্ষক মামুনুর রহমান (৩৫)।

চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় বালু বোঝাই করার সময় একটি বাল্গহেডের তলা ফেটে ছয়জন ডুবে যায়।

“পরে আশপাশের নৌযানের লোকজন এসে তিনজনকে উদ্ধার করলেও এর মালিক মতিউর ও তার দুই ছেলে নিখোঁজ হন। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাস্থলের কাছে মতিউরের লাশ ভেসে ওঠে।”

তাদের বাড়ি দিনাজপুরে। তারা ঢাকায় বসবাস করছিলেন বলে ওসি জানান।

নিহত মতিউরের জামাতা জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ১০ বছর আগে মতিউর রহমান বালুর ব্যবসা করতেন। সোমবার তারা নতুন করে ব্যবসাটি শুরু করতে যান।

চরআব্দুল্লাহ বালুমহালের ইজারাদার পক্ষের দায়িত্বশীল ব্যক্তি ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া জানান, ছোট বাল্গহেড ভেঙে বড় আকারে নতুন করে তৈরি করা হয়। এটি প্রথমবার বালু লোড নিচ্ছিল। যথাযথভাবে তৈরি হয়নি বলে তলা ফেটে ডুবে যায়।

বাল্গহেডটি এখনও উদ্ধার করা যায়নি।

মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌছাতে পারেনি বলে ওসি ইউনুস আলী জানিয়েছেন।