‘কাজ ছেড়ে দিতে চাওয়ায়’ শিশু শ্রমিককে মারধর
‘কাজ ছেড়ে দিতে চাওয়ায়’ ঝিনাইদহ শহরে এক শিশু শ্রমিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে একটি ওয়েলডিং কারখানার মালিকের বিরুদ্ধে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সোমবার রাতে শহরের শেরে বাংলা সড়কে ফখরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এক ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন কারখানা মালিক মিজানুর রহমান।
আহত টুটুল (১২) সদর উপজেলার বদনপুর গ্রামের আলি আকবরের ছেলে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, টুটুল ওই কারখানায় শ্রমিকের কাজ করত। সোমবার রাতে বাড়ি যাওয়ার সময় কাজ ছেড়ে দিতে চাইলে মিজানুর তাকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আলি আকবর সদর থানায় একটি মামলা করেছেন বলে জানান ওসি।
