২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহের-ননীর রায়ে সন্তোষ, সাক্ষীরা চান নিরাপত্তা

একাত্তরে হত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে রাজাকার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীর মৃত্যুদণ্ডের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধাসহ শহীদদের পরিবারের সদস্যরা।

লাভলু পাল চৌধুরী

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 06:30 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, আসামি তাহের ও ননীর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে চারটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

তৃতীয় ও পঞ্চম অভিযোগে হত্যা, ধর্ষণ, আটকে রেখে নির্যাতনের দায়ে দুজনের সর্বোচ্চ সাজার আদেশ এসেছে। ফাঁসির দড়িতে ঝুলিয়ে অথবা মৃত্যু পর্যন্ত গুলি চালিয়ে তাদের দণ্ড কার্যকর করতে বলেছে আদালত।

এ দিকে সকাল থেকে শহরের মোক্তারপাড়া এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধারা জড়ো হতে থাকেন। রায় ঘোষণার পর তারা শহরে আনন্দ মিছিল বের করেন। পরে তারা সংসদ কার্যালয়ে উপস্থিত সবাইকে নিয়ে মিষ্টি খাওয়ান।

রাজাকার তাহের ও ননীর মৃত্যুদণ্ডাদেশে সন্তোষ প্রকাশ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল আমীন বলেন, “এই মামলায় আমিও সাক্ষী ছিলাম। আমরা মুক্তিযোদ্ধারা চাই তাদের দণ্ড দ্রুত কার্যকর করা হোক।”

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আক্কাস আলী আহম্মেদ বলেন, “মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তাকে যে অমানবিকভাবে নির্যাতন চালিয়ে তাহের-ননীরা হত্যা করেছে এই রায়ে সেই হত্যার উপযুক্ত বিচার হয়েছে। আমরা কিছুটা হলেও শান্তি পেয়েছি।

“কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের স্বস্তি নেই।”

শহীদ বদিউজ্জামান মুক্তার ভাতিজা আলী রেজা কাঞ্চন বলেন, “এই রায়ে আমি ও আমাদের পরিবারের সবাই সন্তুষ্ট।আমি এই মামলার সাক্ষীদের পূর্ণ নিরাপত্তা চাই।”

সদর উপজেলার টেংগা গ্রামের বাসিন্দা ও মামলার সাক্ষী আব্দুল হামিদ বলেন, ‘এই রায়ে খুশি। মনের অনেক দুঃখবোধ কমেছে। তবে আমরা যারা মামলার সাক্ষী হয়েছি আমাদের যেন নিরাপত্তার ব্যবস্থা করে সরকার।’

দণ্ডিতদের বাড়িতে নিরবতা

রায়ের পর ননীর মোক্তারপাড়ার বাসায় বিরাজ করছে সুনসান নিরবতা।

তার বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে কোনো লোকজন নেই। কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামের আহসান আলী মোক্তারের ছেলে ননীর বাসভবনের মূল ফটকে ঝুলছে তালা। ভেতরের দরজায়ও রয়েছে তালা লাগানো।

এদিকে আটপাড়া উপজেলার ভোগাপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা নেজামে ইসলামীর সভাপতি মঞ্জুরুল হকের ছেলে তাহেরের বাসাও শহরের মোক্তারপাড়ায়।

সেখানে রয়েছে তাহেরের স্ত্রী রওশন আরা বেগম।

ছবি তোলা যাবে না শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামী নিরপরাধ, তাকে অপরাধী সাজিয়ে ফাঁসির রায় দিয়েছে। আমি বাসায় টিভি চালাইনি। ইচ্ছে হচ্ছিল না। ঢাকা থেকে ছেলে ফোন করে জানিয়েছে রায়ে ফাঁসির আদেশ হয়েছে।

“অথচ ঘণ্টাখানেক আগেও জানতাম কোনো অভিযোগই রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। পুরো রায় শুনে আমার ছেলেরা পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবে।”

তিনি বলেন, “নীতির সাথে আমি কোনো আপোষ করি না। লোকটার কোনো দোষ নেই।”

পুরনো খবর:

তাহের-ননীর ফাঁসির রায়ে নেত্রকোণায় আনন্দ মিছিল