২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিচারকের বাসায় শিশু গৃহকর্মীর লাশ

পঞ্চগড়ে এক বিচারকের বাসা থেকে শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 02:49 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

মঙ্গলবার সকালে শহরের ডোকরোপাড়ায় জেলা সিনিয়র সহকারী জজ মো. লুৎফর রহমানের বাসার ওই লাশটি পাওয়া যায় বলে পঞ্চগড় সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান ।

মৃত আম্বিয়া (১২) নীলফামারির ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রামের জমসেদ আলীর মেয়ে।

বিচারকের বরাত দিয়ে ওসি মমিনুল বলেন, সোমবার রাতে কাজ-কর্ম সেরে যথারীতি ঘুমাতে যায় আম্বিয়া। সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় দেন তারা।

ওসি বলেন, “সকাল প্রায় সাড়ে ৯টায় ঘরের দরজা ভেঙ্গে জানালার গ্রিলে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় আমরা তার মৃতদেহ উদ্ধার করি। তার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।” 

ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

লুৎফর রহমান বলেন, “আম্বিয়া ভারতীয় চ্যানেলের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বিভিন্ন অনুষ্ঠান দেখত। সম্ভবত সেরকম কোনো অনুষ্ঠান দেখেই আত্নহত্যার পথ বেছে নিয়েছে।”

লুৎফর রহমানের স্ত্রী মোকারমা মিমও আম্বিয়ার আত্নহত্যার কোনো কারণ জানাতে পারেননি।