‘মুক্তিপণেও’ ফেরেনি শিশু আবদুল্লাহ
ঢাকার কেরানীগঞ্জ থেকে চারদিন আগে ‘অপহৃত’ এক স্কুলছাত্রের জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও তার সন্ধান মেলেনি বলে অভিযোগ করেছে পরিবার।
মো. আবদুল্লাহ নামের ১১ বছর বয়সী ওই শিশু কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নের মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা মো. বাদল হোসেন সৌদি আরবে থাকেন।
আবদুল্লাহর নানা মারফত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তার নাতি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
“শনিবার রাতেই বিকাশের মাধ্যমে এক লাখ এবং রোববার দুপুরে আরও এক লাখ টাকা পাঠানো হয়েছে। কিন্তু এখনও আবদুল্লাহকে ফেরত দেয়নি তারা।”
মারফত আলী জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিল, সেটি এখন বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে পুলিশও আবদুল্লাহকে উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিপণের বিষয়টি আমার জানা নেই। তবে আমরা শিশুটিকে উদ্ধারের সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
