তিন পুলিশকে ছুরি মেরে আ.লীগ নেতাদের ভাই আটক
গাজীপুরে চায়ের দোকানে গায় ধাক্কা লাগার জের ধরে তিন পুলিশকে ছুরি মেরে এক ‘যুবদলকর্মী’ আটক হয়েছেন, যিনি কয়েকজন আওয়ামী লীগ নেতার ভাই।
পুলিশ সুপার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরাফত মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন ও শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানার ছোট ভাই এবং গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের বড় ভাই।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিটি করপোরেশনের শিববাড়ি মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে শরাফত আলীকে একটি ছুরিসহ আটক করা হয় বলে জানান জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা।
আহত এসআই মো. মনিরুজ্জামান, এএসআই সুমন ও কনস্টেবল মো. এরশাদকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইক্রোবাস স্ট্যান্ডের একটি দোকানে তিন পুলিশ সদস্য চা খেতে গেলে আগে থেকে সেখানে থাকা যুবদলকর্মী শরাফত আলীর সাথে এসআই মনিরুজ্জামানের গায়ে ধাক্কা লাগে।
“এ ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে শরাফত এসআই মনিরের গায়ে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালাতে চেষ্টা করেন। তাকে ধরতে গেলে তার লোকজনের হামলায় এএসআই সুমন ও কনস্টেবল এরশাদও আহত হন।”
জেলা বিএনপির প্রচার সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরাফত একসময় যুবদলের নেতাকর্মীদের সাথে চলাফেরা করলেও দলে তার কোনো পদ নেই।
শরাফতকে তিনি ‘মাদকাসক্ত’ বলে দাবি করেন।
শরাফতের নামে মারামারি ও মাদকসহ জয়দেবপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
