২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশকে জুতা মেরে’ পিটুনিতে আহত শিক্ষিকা

ছোট ভাইয়ের সঙ্গে রেল পুলিশের বিরোধ মীমাংসার বৈঠকে পুলিশ সদস্যকে ‘জুতা মেরে’ মারধরে আহত হয়েছেন এক স্কুল শিক্ষিকা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 11:04 AM

Updated : 20 Aug 2022, 11:45 AM

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত কুলসুম নাহার রনিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর আমনুরা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোশাররফ আলীকে প্রত্যাহার করা হয়েছে।

কুলসুম নাহার রনি কেন্দুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং আমনুরা ঝিলিমবাজারের মুক্তিযোদ্ধা সাইফুল্লাহ আহমেদের মেয়ে।

পুলিশ ও রেল কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে কুলসুম নাহার রনির ছোট ভাই মইনুদ্দীন তার দুই বন্ধুকে নিতে আমনুরা স্টেশনে যান। সেখানে টিকিট চেকারের সঙ্গে কথা কাটাকাটি হলে মঈনুদ্দীন টিকিট চেকারকে ধাক্কা দেন।

টিকিট চেকারের মৌখিক অভিযোগ পেয়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল মোশাররফ আলী মঈনুদ্দীনকে মারধর করেন এবং আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান বলে জানান আমনুরা স্টেশন মাস্টার খাইরুল ইসলাম।

খাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য তিনি নিজে (স্টেশন মাস্টার), পুলিশের একজন এএসআই এবং স্থানীয় কয়েকজন মিলে পুলিশ ফাঁড়িতে বসেন।

“এরপর ফাঁড়িতে আসেন কুলসুম নাহার রনি। তিনিও বৈঠকে বসেন। সেখানে কথা বলার এক পর্যায়ে কুলসুম নাহার রনি পা থেকে জুতা খুলে পুলিশ সদস্য মোশাররফকে ছুড়ে মারেন।

“তখন ওই পুলিশ সদস্য মেটাল ডিটেকটর দিয়ে পাল্টা আঘাত করলে আহত হন কুলসুম নাহার। এতে কুলসুমের কপাল কেটে রক্ত বের হয়।”

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে কুলসুম নাহার রনি সাংবাদিকদের বলেন, পুলিশ তাকে মেটাল ডিকেকটর দিয়ে আঘাত এবং মারধর করেছেন। এতে তিনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরিবারের অন্য সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানান।

পুলিশকে জুতা মারার কথা স্বীকার করেছেন কুলসুম নাহার রনির ভাই মইনুদ্দীনও।

তিনি বলেন, “আমাকে মারধরের কথা শুনে আপু খুব উত্তেজিত হয়ে যায় এবং পুলিশকে মারে।”

রাজশাহী রেলওয়ে পুলিশের ওসি আকবর হোসেন বলেন, “ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা দুই পক্ষের কথা শুনেছি।”

তিনি আরও বলেন, কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের উপর আক্রমণ করে অপরাধ করেছেন কুলসুম নাহার। স্থানীয় অনেকেই আক্রমণের দৃশ্য দেখেছেন।

“তারপরও উদ্ভূত পরিস্থিতিতে কনস্টেবল মোশাররফকে প্রত্যাহার করা হয়েছে।”