২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের বেত্রাঘাত: সুপারসহ দুই শিক্ষক বরখাস্ত

নাটোরের বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসায় টাকা চুরির অভিযোগে ছাত্রীদের বেত্রাঘাত করায় সুপারসহ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 08:53 PM

Updated : 25 Jul 2022, 09:19 PM

রোববার মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি তাদের বরখাস্ত করে বলে জানান কমিটির সভাপতি নুরুল ইসলাম।

এরা হলেন মাদ্রাসা সুপার শামসুল আরেফিন ও সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।

একইসঙ্গে সোমবার থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব থেকেও মাদ্রাসা সুপারকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছড়া ঘটনা তদন্তে সহকারী সুপারের নেতৃত্বে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

নুরুল ইসলাম বলেন, ছাত্রীদের কমন রুম থেকে নবম শ্রেণির এক ছাত্রীর ১২৫ টাকা হারিয়ে যায়। বিষয়টি ওই ছাত্রী শিক্ষকদের জানায়।মাদ্রাসা সুপার শামসুল আরেফিন সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে বিষয়টি দেখার দায়িত্ব দেন।

“পরে জান্নাতুল ফেরদৌস কমন রুমের দরজা আটকে ৪২ জন ছাত্রীর দেহ তল্লাশি করেন।তল্লাশিতে টাকা পাওয়ায় চুরির বিষয়টি স্বীকারের জন্য ছাত্রীদের আধ ঘণ্টা সময় দেন। এর মধ্যে কেউ টাকা চুরির বিষয়টি স্বীকার না করায় তাদের বেত দিয়ে পেটান।”

এ ঘটনার প্রতিবাদে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। পরে রোববার সকালে ব্যবস্থাপনা কমিটি বৈঠক করে সুপার শামসুল আরেফিন এবং শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করে বলে জানান তিনি।

শামসুল আরেফিন বলেন, টাকা হারিয়ে যাওয়ার ঘটনা দেখতে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছিল।কিন্তু তিনি ছাত্রীদের বেত্রাঘাত করেছেন।

এ ব্যাপারে কথা বলার জন্য জান্নাতুল ফেরদৌসের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ বলেন, ঘটনা জানার পর পেড়াবাড়িয়া মাদ্রাসা কেন্দ্রের সচিবের দায়িত্ব থেকেও শামসুল আরেফিনকে অব্যহতি দেওয়া হয়েছে।