গাছ কাটা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ২০
মাগুরার মহম্মদপুরে গাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া গ্রাম এ ঘটনা ঘটে বলে জানান মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম।
খবর পেয়ে পুলিশ গিয়ে শটগানের গুলি ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
এ সময় তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গাছ কাটা নিয়ে গ্রামের ফিরোজ এলাহী মিন্টু ও তার ভাই পাখি মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়।
“কথা কাটাকাটির এক পর্যায়ে মিন্টু তার ভাই পাখিকে মারধর করেন।এর জেরে মিন্টুর ও পাখির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।”
খবর পেয়ে পুলিশ গিয়ে ৩৮ রাউন্ড শটগানের গুলি ও দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।
সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
