আট দিন পর সচল দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল
সরকারি বেতন স্কেল ও চাকরি নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে বেতন-ভাতা নির্ধারণের দাবিতে ডাকা লাগাতার কর্মবিরতি দুই মাসের জন্য স্থগিত করে কাজে যোগ দিয়েছেন দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকরা।
রোববার দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু বলেন, “শনিবার রাতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সঙ্গে অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে।
“বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়েছে।”
হাসপাতালের চিকিৎসক দুলাল চন্দ্র রায় বলেন, “আমাদের আন্দোলন দুই মাসের জন্য স্থগিত হওয়ায় সকাল থেকেই আমরা চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছি।”
দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকরা গত ২৩ জানুয়ারি থেকে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। এতে জরুরি চিকিৎসা ছাড়া সব ধরনের সেবা বন্ধ হয়ে যায়।
