২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত, কলেজছাত্রের দণ্ড

রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে এক কলেজছাত্রকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 08:23 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান।

দণ্ডপ্রাপ্ত জয়দেব রায় রংপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) শেষবর্ষের ছাত্র। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী গ্রামের লক্ষ্মী কান্ত রায়ের ছেলে।

ফরিদা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সাড়ে ১২টায় প্রভাতি শাখার ছুটি এবং দিবা শাখার ক্লাস শুরুর সময় জয়দেব ভেতরে ঢুকে প্রথম তলা থেকে তিনতলা পর্যন্ত ঘুরে বেড়ায় এবং শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে।

“এ সময় শিক্ষার্থীদের চিৎকারে তাকে আটক করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক রাহাত আনোয়ারকে জানানো হয়। পরে জেলা প্রশাসক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্কুলে পাঠান”। 

ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জয়দেবকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কোতোয়ালি থানায় পাঠানোর নির্দেশ দেন বলে জানান প্রধান শিক্ষক।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে দণ্ডপ্রাপ্ত জয়দেবকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।