ইউপি নির্বাচনে বিদ্রোহীদের বহিষ্কার করা হবে: কাদের
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “পৌরসভা নির্বাচনের মতোই ইউপি নির্বাচনেও যারা দলের সিদ্ধান্তের বাইরে যাবে; বিদ্রোহ করবে তাদের বহিষ্কার করা হবে।”
এক প্রশ্নের জবাবে মহাজোটে কোনো টানাপোড়েন বা অস্থিরতা নেই দাবি করে আওয়ামী লীগের এ নেতা বলেন, “জাতীয় পার্টির বিষয়টি হল তাদের অভ্যন্তরীণ। তাদের কিছু অস্থিরতা আছে; এটাকে আমি অভ্যন্তরীন গণতন্ত্র চর্চা হিসেবে দেখি।”
এর পর কোম্পানীগঞ্জের বামনী আছিরিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
